জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের খড়মা এলাকার দুই ছেলের বিরুদ্ধে থানায় গরু চুরির অভিযোগ করেছেন একজন মা। সোমবার (১লা সেপ্টেম্বর) দেওয়ানগঞ্জ মডেল থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন বৃদ্ধা মা আনোয়ারা বেগম (৬০)।
অভিযোগ থেকে জানা যায়, আনোয়ারা বেগম বাবার বাড়ি থেকে একটি গাভিন গরু নিয়ে লালন পালন করছিলেন। গাভীটি প্রতিদিন ৫-৬ কেজি দুধ দিতো। রোববার রাতে তার পালিত গাভীটি গোয়াল ঘর থেকে চুরি হয়ে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে বৃদ্ধা মা তার দুই ছেলের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করেন।
বৃদ্ধা মা আনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'অভাব অনটনের সংসারে একটু স্বচ্ছলতা ফেরাতে বাপের বাড়ি থেকে আমাকে একটি গরু দেয় স্বজনেরা। আমি গরুটি নিজের সন্তানের মতো লালন পালন করি। রোববার রাতে আমি ঘুমিয়ে পড়লে আমার বড় দুই ছেলে যোগসাজশে গরুটি চুরি করে। বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করেও গরুটির কোনো সন্ধান পাইনি। অবশেষে বাধ্য হয়ে গরুটি ফিরে পাবো এই আশায় থানায় মামলা করেছি।'
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, 'এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
এফএস