শোবিজের জনপ্রিয় মুখ আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। ইতোমধ্যেই তারা জুটি বেঁধে অভিনয় করেছেন ‘মিশন এক্সট্রিম’, ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ ও ‘নূর’। এর মধ্যে মুক্তির অপেক্ষায় আছে ‘নূর’। কাজের বাইরে দু’জনেই ব্যক্তিজীবনে যথেষ্ট আড়ালপ্রিয়। খুব একটা দেখা মেলে না তাদের।
এদিকে, জুলাই আন্দোলনের সময় হঠাৎ শুভ জানান তার দাম্পত্য জীবনের ইতি টানার কথা। স্ত্রী অর্পিতার সঙ্গে সম্পর্ক টিকে নেই- এ খবর তিনি প্রকাশ্যে স্বীকার করার পরই শুরু হয় নতুন জল্পনা। সে সময় গুঞ্জন ওঠে শুভর ব্যক্তিজীবনে ফাটল নাকি ঐশীর কারণে! কারণ হিসেবে অনেকে বলছেন, বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে দুজনকে একসঙ্গে দেখা যাওয়াতেই সন্দেহ ঘনীভূত হয়েছে। এরপর অবশ্য সে গল্প ও গুঞ্জনে পানি পায়নি। তবে কৌতুহল ছিল অটুট। যা ডালপালা ছড়াতে থাকে শোবিজে।
এবার সেই নিঃশব্দ কৌতূহলটাকে যেন নিজেরাই জাগিয়ে তুললেন নায়ক-নায়িকা।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে প্রায় একই সময়ে, একই ধাঁচের ছবি তুলে ধরলেন দুজন। ঐশী শিউলী ফুল আঁকা শাড়িতে, শুভর বুকে মাথা রেখে আবছা আলোয় ধরা দিয়েছেন; ছবি যেন নিজেরাই বলছে তাদের গল্প।
কিন্তু রহস্য আরও গভীর হলো ক্যাপশনে। আরিফিন শুভ তার ছবির ক্যাপশন জুড়েছেন, ‘তোরে এত ভালবাসি, আর বলব কতবার।’ অন্যদিকে ঐশী যেন সেই কথারই প্রতিধ্বনি হয়ে লিখলেন, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার।’
দুটি ছবি, দুটি বাক্য- কিন্তু সুর এক। আর ঠিক সেখানেই আবার উঁকি দিচ্ছে পুরোনো নানা প্রশ্ন: শুভ-ঐশীর সেই গুঞ্জন কি তবে ফিরছে? না কি অন্য কিছু?
এর মাঝেই কথা রটেছে, দীর্ঘদিন আটকে থাকা রাহায়ান রাফী পরিচালিত এই জুটির আলোচিত সিনেমা ‘নূর’ বায়োস্কোপ প্লাসে দ্রুতই মুক্তি পাবে। তাই নেটিজেনদের দ্বিধা আরও বাড়ছে- এ কি সিনেমার অঘোষিত প্রচারণা, নাকি পর্দার বাইরেও কোনো অনুচ্চারিত টান? এখন সময়ই শেষ উত্তরটা বলে দেবে।
এইচএ