নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশে দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা এম রশিদুজ্জামান মিল্লাতের বক্তব্যকে ঘিরে জামালপুর জেলায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, থানায় বলা আছে আওয়ামী লীগ সমর্থকদের গ্রেপ্তার বা হেনস্থা করা হবে না এবং সবাই মিলে মিশে ধানের শীষের পক্ষে ভোট দেবেন।
ঘটনাটি ঘটে গত সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী রহমানী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির এক নির্বাচনী জনসভায়। ওই সভায় বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দেন।
এক মিনিটের ওই বক্তব্যে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘এখানে যারা আওয়ামী লীগের সমর্থক আছেন, তাদের আমি অনুরোধ করব—যেহেতু আওয়ামী লীগ আর ৫০ বছরের মধ্যে বাংলাদেশে ফিরতে পারবে না, কাজেই আওয়ামী লীগের সমর্থকরা আমাদের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে সকলে মিলেমিশে ধানের শীষে ভোট দেবেন এবং একসঙ্গে থাকবেন। এখানে থানায় বলে দেওয়া আছে, কাউকে কোনো রকম হেনস্থা করবে না, কাউকে গ্রেপ্তার করবে না। বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জে কোনো গ্রেপ্তার হবে না।’
তিনি আরো বলেন, ‘অন্যায় যে করবে সেটা অন্য ব্যাপার। অন্যায়ের বিরুদ্ধে আমরা স্টেপ নেব, যাতে কেউ অন্যায় না করতে পারে। তাদের বিচার হবে। অন্যায় হলে আমরা নিজেরা বিচার করব—এমন যেন না হয়। আইনগতভাবে আমরা বিচার করব।’
বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী সামাজিকযোগাযোগ মাধ্যমে ওই বক্তব্যের ভিডিও ও সংশ্লিষ্ট খবর ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে বিষয়টিকে রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখলেও, কেউ কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কেন্দ্র করে দেওয়া বক্তব্য নিয়ে প্রশ্ন তুলছেন।
উল্লেখ্য, এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। বর্তমানে তিনি আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।
ইখা