চুয়াডাঙ্গার জীবননগরে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের জীবননগর উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনের পাশাপাশি একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে অংশ নেওয়া কর্মচারীরা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাসাভাড়া ও চিকিৎসা ব্যয়সহ জীবনযাত্রার সব খরচ বেড়ে গেছে। কিন্তু সে অনুযায়ী বেতন–ভাতা বাড়েনি। বর্তমান বেতনে পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে।
তাঁরা বলেন, ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবি যৌক্তিক ও সময়োপযোগী। এটি সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার। দ্রুত এই দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে মো. রাকিব, তরিকুল ইসলাম, মো. রুহুল আমিন, মো. আলী কদর, কাজল আহমেদ, মো. খালিদ হোসেন, ওয়াসিম, মো. আবুল হোসেন, আব্দুর রশিদ ও হুমায়ুন কবীরসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা অংশ নেন।
ইখা