চট্টগ্রামের সীতাকুণ্ডে ফ্রিজিং কাভার্ডভ্যান ভর্তি আড়াই টন জাটকা ইলিশ পাচারকালে জব্দ করা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় উপজেলা মৎস্য দপ্তর, বাংলাদেশ কোস্টগার্ড (পূর্ব জোন, ভাটিয়ারী শাখা) এবং বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে।
জব্দকৃত জাটকা ইলিশের বর্তমান বাজারমূল্য প্রায় নয় লক্ষ টাকা। আইনগত প্রক্রিয়া শেষে মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি সংঘবদ্ধ চক্র চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে জাটকা সংগ্রহ করে ফ্রিজিং কাভার্ডভ্যানে করে ঢাকায় নিয়ে যাচ্ছে। হাইওয়ে পুলিশ ও কোস্টগার্ডের উপস্থিতিতে গাড়িটি আটক করে তল্লাশি চালালে আড়াই মেট্রিক টন জাটকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জাটকা কেনা-বেচা ও বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। বিকেলে জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে।উল্লেখ্য, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ যোগদানের পর থেকে এ পর্যন্ত প্রায় ১০০টি অভিযান পরিচালনা করেছেন। যার ফলে গত বছরের তুলনায় এ বছর সমুদ্রে অনেক বেশি ইলিশ পাওয়া যাচ্ছে।
এনআই