“প্রায়ই ঘুম ভাঙার পর শুনতে পাই ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর! আজও সকালে ফেসবুক ওপেন করেই দেখি বরিশালের ইচলাদী টোল প্লাজার সামনে বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। পদ্মা সেতু চালুর পর থেকে এই মহাসড়কে যেন দুর্ঘটনার প্রতিযোগিতা চলছে। আর চালকদের এই প্রতিযোগিতায় খালি হচ্ছে একের পর এক মায়ের কোল।”
উজিরপুরের ইচলাদী এলাকার ব্যবসায়ী শান্ত ফকির এভাবেই নিজের ক্ষোভ ও আর্তনাদ প্রকাশ করছিলেন।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় রিপন বিশ্বাস (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহত রিপন বিশ্বাস আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের মুদেব বিশ্বাসের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তা পারাপারের সময় বরিশাল থেকে ঢাকাগামী ‘সাকুরা পরিবহন’-এর একটি বেপরোয়া গতির বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক বাসটি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামিম শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।”
এনআই