পটুয়াখালীর গলাচিপায় যৌথ বাহিনীর অভিযানে লক্ষণ দেবনাথ (৫০) ও নিমাই চন্দ্র দেবনাথ (৪৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গলাচিপা পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের সাগরদি রোড এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অভিযানে নিজ বাসা থেকে মাদক ও অস্ত্রসহ ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। গলাচিপা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর তানজিলুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানকালে ১০টি দেশীয় অস্ত্র, ৪৮ পিস ইয়াবা, গাঁজা, মাদক বিক্রির নগদ ২৩ হাজার ৩০০ টাকা এবং ব্যবহৃত ৩টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে চাপাতি ২টি, বাংলা দা ২টি, বগি ২টি, কুড়াল ১টি ও লোহার পাতি।
গ্রেপ্তারকৃতরা গলাচিপা পৌরসভার সাগরদি রোড এলাকার বাসিন্দা ধীরেন দেবনাথ ও নিতাই চন্দ্র হাওলাদারের সন্তান বলে জানা গেছে।
এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, গলাচিপা থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে লক্ষণ দেবনাথের বসতঘর থেকে ইয়াবা, মাদক বিক্রির নগদ টাকা, ব্যবহৃত মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এ সময় লক্ষণ ও নিমাই দেবনাথকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার লক্ষণ দেবনাথ ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে গলাচিপা থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসআর