লক্ষ্মীপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের দেড় শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এসব নেতাকর্মী দলীয় নীতি ও আদর্শের সঙ্গে মতপার্থক্যের কারণে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় একটি রেস্তোরাঁয় লক্ষ্মীপুর পৌর জামায়াতের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে নবাগতদের ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন জামায়াতে ইসলামীর নেতারা।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন—সদর থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জাহিদুল আবেদিন নিশান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জোবায়ের হোসেন সুজন, পৌর যুবদলের সদস্য মেহেদী হাসান হেদায়েত, পৌর ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন হিরন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম খোকন।
জামায়াতে যোগদানকারী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের হোসেন সুজন বলেন, ‘দীর্ঘ চিন্তাভাবনার পর আমি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমার বিশ্বাস, দলটি ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে।’
জেলা জামায়াতের এক নেতা বলেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণদের জামায়াতে ইসলামীতে যোগদানের প্রবণতা বাড়ছে, যা সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, যুব জামায়াতের শহর সভাপতি নাছির উদ্দিন এবং আইনজীবী নেতা অ্যাডভোকেট মাহির আসহাব। তাঁরা নবাগতদের শুভেচ্ছা জানান এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
ইখা