সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী প্রার্থীর পক্ষে রঙিন পোস্টার ও ব্যানার টাঙানোর দায়ে দুই কর্মীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান।
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে পাঠানো তথ্যে জানা যায়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামীর হাটিকুমরুল ইউনিয়ন সেক্রেটারি মোজদার হোসেনকে দুই হাজার টাকা এবং একই অপরাধে হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মেহেদী হাসানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অভিযানের সময় বিভিন্ন স্থানে প্রার্থীদের পক্ষে অবৈধভাবে টাঙানো রঙিন পোস্টার ও ব্যানার অপসারণ করা হয়। অভিযানে বিজিবি, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ইখা