রাশিয়ার সঙ্গে যুদ্ধক্ষেত্রে এখন পর্যন্ত প্রায় ৫৫ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) ফ্রান্সের টেলিভিশন চ্যানেল ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান তিনি। খবার টিআরটি ওয়ার্ল্ড।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে আনুষ্ঠানিকভাবে যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের সংখ্যা পেশাদার কিংবা বাধ্যতামূলকভাবে নিয়োগপ্রাপ্ত মোট ৫৫ হাজার।
তিনি আরও বলেন, এখনও বিপুলসংখ্যক মানুষকে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত রাখা হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক-ট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের শুরু থেকে ২০২৬ সালের বসন্তের মধ্যে উভয় পক্ষ মিলিয়ে মোট সামরিক হতাহত, আহত ও নিখোঁজের সংখ্যা প্রায় ২০ লাখে পৌঁছাতে পারে।
সিএসআইএস- এর হিসাবে, এই যুদ্ধে রাশিয়ার প্রায় ১২ লাখ সেনা হতাহত হয়েছে এবং ইউক্রেনের ক্ষেত্রে এই সংখ্যা ৫ থেকে ৬ লাখের মধ্যে। প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধ শুরুর প্রায় চার বছরে রাশিয়ার প্রায় ৩ লাখ ২৫ হাজার সেনা নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, যুদ্ধটি বেসামরিক জনগণের ওপরও ভয়াবহ প্রভাব ফেলেছে। জাতিসংঘের পর্যবেক্ষকদের মতে, ২০২৫ সালে ইউক্রেনে বেসামরিক মৃত্যুর সংখ্যা ২০২২ সালের পর সর্বোচ্চ।
জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় জানায়, শুধু ২০২৫ সালেই অন্তত ২ হাজার ৫০০ বেসামরিক মানুষ নিহত এবং ১২ হাজারের বেশি আহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
এমআর-২