চট্টগ্রামের সাতকানিয়ায় বিএসটিআই (BSTI) অনুমোদন ছাড়া সেমাই উৎপাদন এবং উৎপাদনের অগ্রিম তারিখ ব্যবহারের দায়ে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বায়তুল ইজ্জত এলাকার ‘মেসার্স এম. আলী মেজর ফ্লাওয়ার মিল’-এ এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
অভিযানে দেখা যায়, কারখানায় উৎপাদিত সেমাইয়ের মোড়কে ৫ তারিখের পরিবর্তে অগ্রিম তারিখ হিসেবে ৬ ফেব্রুয়ারি উল্লেখ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মতে, উৎপাদনের প্রকৃত তথ্য গোপন করে ভিন্ন তারিখ ব্যবহার করা ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ ছাড়া প্রতিষ্ঠানটি বিএসটিআই–এর বৈধ লাইসেন্স ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করছিল।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “খাদ্যপণ্যে তারিখ জালিয়াতি এবং বিএসটিআই অনুমোদন ছাড়া উৎপাদন কোনোভাবেই বরদাশত করা হবে না। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।” তিনি আরও জানান, ভবিষ্যতে একই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনআই