জামায়াতে ইসলামী এখন আর ইসলামী দল নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর-২ আসনের নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “জামায়াতের সৃষ্টি হয়েছিল সৎ লোকের শাসন এবং আল্লাহর আইন প্রতিষ্ঠার দাবিতে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে—কোথায় সেই আইন, কোথায় সেই স্লোগান?” তিনি অভিযোগ করে বলেন, একসময় তারা ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়েও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে। এমনকি দাড়ি, টুপি ও সুন্নাহর অনুসরণ নিয়েও তারা প্রশ্ন তুলেছিল।
ফয়জুল করীম আরও বলেন, “আপনারা ইসলামের কথা না বলে ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েমের স্বপ্ন দেখাচ্ছেন—এটা মানুষকে ধোঁকা দেওয়ার শামিল।”
রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “দেশে নেতা ও দলের পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয়নি। ৫ আগস্টের আগে একদল চাঁদা তুলত, ৫ আগস্টের পরে আরেক দল চাঁদা তোলে—ব্যক্তির পরিবর্তন হয়েছে, চাঁদাবাজির পরিবর্তন হয়নি। একদল খুন করত, এখন আরেক দল খুন করছে—হাতের পরিবর্তন হয়েছে, কিন্তু খুনি মানসিকতার পরিবর্তন হয়নি। একদল ধর্ষণ করত, এখন আরেক দল করছে—মানুষের পরিবর্তন হয়েছে, কিন্তু অপরাধের ধরণ বদলায়নি।”
মাদারীপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। এছাড়াও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, মাদারীপুর-২ আসনের ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী আলী আহমেদ চৌধুরী এবং মাদারীপুর-৩ আসনের প্রার্থী মাওলানা আকরাম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এনআই