ঈদ এলেই ঝিমিয়ে পড়া ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি যেন প্রাণ ফিরে পায়। সিনেমার সংশ্লিষ্টরাও ঈদ আমেজকেই তাদের সিনেমা মুক্তির মোক্ষম সময় মনে করেন। কারণ সারা বছর সিনেমা হলে দর্শক খরা গেলেও ঈদে দেশের হলগুলোয় দর্শকের আনাগোনা দেখা যায়। প্রতি বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় অর্ধডজনেরও বেশি সিনেমা। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমায় নায়ককেই মুখ্য চরিত্রে দেখা যায়। নায়িকানির্ভর সিনেমা খুব একটা দেখা যায় না। তাতে কী? নায়িকারা তাদের রূপ লাবণ্য আর অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিতে চান। ঈদের সিনেমার নায়িকা হওয়ার দৌড়ে পিছিয়ে থাকতে চান না তারা । তাই এবারই নতুন করে ঈদ সিনেমায় অভিষেক হচ্ছে পাঁচ নায়িকার। তাদের মধ্যে রয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি, তাসনিয়া ফারিণ, সুনেরাহ বিনতে কামাল, রিশিতা নন্দিনী শিমু।
তাসনিয়া ফারিণ
গত বছরই সিনেমায় অভিষেক হয় নাটকের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের। 'ফাতিমা' সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন এ অভিনেত্রী। বাণিজ্যিক ঘরানার বাইরে এবারই প্রথম ‘ইনসাফ’ নামে একটি সিনেমায় কাজ করছেন। এটি দিয়েই ঈদের সিনেমার নায়িকা হতে যাচ্ছেন। এতে তিনি অভিনয় করছেন দুই নায়কের সঙ্গে। একজন হচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, অন্যজন শরিফুল রাজ। এটি পরিচালনা করছেন সঞ্জয় সমাদ্দার। সিনেমাটির কাজ প্রায় শেষের দিকে। কিছুদিনের মধ্যেই সিনেমাটি সেন্সরে জমা দেয়া হবে। সবকিছু ঠিক থাকলে ঈদেই মুক্তি দিতে চান সংশ্লিষ্টরা।