পেকুয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদের নির্বাচনী গণমিছিলে মানুষের ঢল নেমেছে। রোববার সকাল থেকেই উপজেলার সাতটি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ট্রাক, জিপ ও বিভিন্ন যানবাহনে করে মিছিলে যোগ দিতে শুরু করেন। নেতাকর্মীদের হাতে ছিল প্ল্যাকার্ড, সালাহউদ্দিন আহমদ ও তারেক রহমানের ছবি এবং ধানের শীষের প্রতিকৃতি।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মিছিলটি পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজার থেকে শুরু হয়ে বানৌজা সড়ক প্রদক্ষিণ করে সাকুরপাড় স্টেশনে গিয়ে পথসভায় মিলিত হয়। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণমিছিলে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে, যা পেকুয়ার অতীতের সকল নির্বাচনী রেকর্ড ছাড়িয়ে গেছে।
গণমিছিলের সম্মুখভাগে সশরীরে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমদ। মিছিল শেষে পথসভায় তিনি ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “পেকুয়া বাজার থেকে দীর্ঘ পথ পায়ে হেঁটে সাকুরপাড় পর্যন্ত আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, দেশের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত।”
নির্বাচনী আচরণবিধি স্মরণ করিয়ে দিয়ে সালাহউদ্দিন বলেন, “আগামীকাল (সোমবার) রাতের মধ্যেই প্রচার-প্রচারণা গুছিয়ে নিতে হবে। ১০ তারিখ সকাল ৮টার পর আনুষ্ঠানিকভাবে সব প্রচারণা বন্ধ হয়ে যাবে। ভোটের দিন প্রতিটি কেন্দ্রে আপনাদের অবস্থান নিশ্চিত করতে হবে। ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করা যাবে না।” তিনি শান্তি বজায় রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা এবং ভোটকেন্দ্রে যেকোনো অনিয়ম রোধে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে মা-বোনদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আশ্বাস দেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “গত ১৬-১৭ বছর ধরে দেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ইনশাআল্লাহ, এবারের নির্বাচন বাংলাদেশের জন্য এক নতুন অভিযাত্রা শুরু করবে এবং শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে অধিকার আদায়ের জন্য আর কাউকে রক্ত দিতে হবে না।”
গণমিছিলে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ, তাদের পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, ডা. বেলাল হায়দার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদীদ মুকুট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহছান উল্লাহসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এনআই