মুন্সিগঞ্জ প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনে পালকিতে চড়ে ভোট দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন ১০৩ বছর বয়সী বৃদ্ধা চাঁন বানু।
বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) বিকেলে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
স্থানীয়রা জানিয়েছেন, হাঁটতে অক্ষম চাঁন বানু ভোট দেওয়ার তীব্র ইচ্ছার কথা পরিবারকে জানান। তাঁর ইচ্ছাকে সম্মান জানিয়ে পরিবারের সদস্যরা পালকি সাজিয়ে তাঁকে ভোটকেন্দ্রে নিয়ে আসেন।
চাঁন বানু শিমুলিয়া গ্রামের রহমান শেখের স্ত্রী। তাঁর এক ছেলে এক সময় হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন। ছেলের জনপ্রতিনিধিত্ব এবং সামাজিকভাবে সচেতন পরিবারের সদস্য হওয়ার কারণেই এই বয়সেও ভোটের প্রতি তাঁর এমন গভীর টান বলে মনে করছেন স্থানীয়রা।
শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মিজানুর রহমান খান বলেন, “ওই নারী প্যারালাইসিস রোগী হওয়ায় চলাফেরা করতে পারতেন না। তাই পরিবারের লোকজন তাঁকে পালকিতে করে কেন্দ্রে নিয়ে আসেন। ভোট দেওয়ার সময় আমরা তাঁকে সর্বাত্মক সহযোগিতা করেছি।”
এনআই