পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে। বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশ গড়া সম্ভব নয়।’
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মব মানেই একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা। এ ধরনের পরিস্থিতি দেশের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে বাধা হতে পারে। যারা দেশ গঠনে বাধা দেবে, তারা দেশের শত্রুতে পরিণত হবে। আমাদের দায়িত্বশীল অবস্থান থেকে কথা বলতে হবে এবং সরকার ও দেশকে সহযোগিতা করতে হবে। কেউ দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিলে তার দায়-দায়িত্ব তাকেই নিতে হবে।’
‘হ্যাঁ ভোট’ ও ‘না ভোট’ প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। ‘হ্যাঁ ভোট’ ও ‘না ভোট’ গণভোটের বিষয়। সংসদে এ বিষয়ে আলোচনা হতে পারে। তিনি বলেন, সংসদে বসামাত্রই কার্যক্রম চলবে, এটিই জুলাই জাতীয় সনদের ধারাবাহিকতা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ মো. এমরান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশীদুল হাসান লিংকন এবং জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ দলীয় নেতারা।
এর আগে রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসক মেহেদী হাসান ও পুলিশ সুপার আবু তারেকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
ইখা