মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) একাডেমি প্রাঙ্গণে দেশের সর্বোচ্চ পতাকা-স্তম্ভ ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আনুষ্ঠানিকভাবে পতাকা-স্তম্ভটির উদ্বোধন করেন। পরে সুউচ্চ স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন করা হলে একাডেমি প্রাঙ্গণে প্রশিক্ষণরত সদস্যদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
একাডেমি সূত্রে জানা গেছে, ‘চির উন্নত বিজয় নিশান’-এর উচ্চতা ১২০ ফুট। এতে উত্তোলিত জাতীয় পতাকার দৈর্ঘ্য ২৮ ফুট এবং প্রস্থ ১৬ দশমিক ৮ ফুট। আয়োজকদের দাবি, এটি দেশের সর্বোচ্চ পতাকা-স্তম্ভ।
উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত বাহিনী হিসেবে জাতীয় অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৫ লাখ ৭০ হাজার সদস্য-সদস্যা দায়িত্ব পালন করেছেন, যা সংশ্লিষ্ট বাহিনীগুলোর মধ্যে সর্বাধিক।
তিনি আরও বলেন, ভাষাশহিদ আব্দুল জব্বার এ বাহিনীর একজন প্লাটুন কমান্ডার ছিলেন। তাঁর আত্মত্যাগ বাহিনীর সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস। ‘চির উন্নত বিজয় নিশান’ গৌরবময় অতীত ও দায়িত্বশীল ভবিষ্যতের প্রতীক হয়ে থাকবে।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ও উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘চির উন্নত বিজয় নিশান’ কেবল একটি স্থাপনা নয়; এটি ভাষা আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও শৌর্যের দৃশ্যমান প্রতীক। দেশের শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নে বাহিনীর কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্তের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
ইখা