পটুয়াখালীর বাউফল উপজেলায় শ্রী শ্রী শীতলা-কালীমাতা মন্দিরের কালী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভূবনসাহার কাচারি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সরজমিনে দেখা গেছে, বগা-বাউফল সড়কের ভুবনসাহা কাচারি এলাকায় পাঁচ শতাংশ জমির ওপর ১০ফুট দৈর্ঘ ও ৬ ফুট প্রস্তরের টিনশেটের তৈরী দুই কক্ষের শীতলা-কালীমাতা মন্দির রয়েছে। মন্দিরের পশ্চিম পাশের কক্ষে কালিমাতা প্রতিমা ও পূর্বপাশের কক্ষে শীতলা মাতা প্রতিমা। কালী প্রতিমার মাথা ভাঙা অবস্থায় আছে।
স্থানীয় চায়ের দোকানি সবুজ শরীফ জানান, তিনি রাত সাড়ে ৯টার দিকে পানির জন্য মন্দিরের কাছে পুকুরে যান। এ সময় টর্চের আলোতে তিনি কালী প্রতিমার ভাঙা মাধা মন্দিরের সামনে পড়ে থাকতে দেখে মন্দির কমিটির সভাপতি অনিল চন্দ্রকে জানান।
সভাপতি অনিল চন্দ্র গনপতি জানান, ঘটনা জেনে তিনি রাতেই মন্দিরে এসে পুলিশকে বিষয়টি অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ বিষয়ে তদন্ত করে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তি দিবেন বলেন আশ্বস্ত করেছেন।
স্থানীয়দের দাবি, শতবর্ষী এই মন্দিরটি ঘিরে এলাকায় দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনা আগে ঘটেনি। তাদের ধারণা, বহিরাগত কিছু দুর্বৃত্ত পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি কালীমূর্তি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় সভাপতি অনিল চন্দ্র গনপতি বাদী হয়ে রাতেই অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন।”
ইখা