অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার রাত ১২টা ১ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক উপস্থিত ছিলেন।
এর আগে ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
একুশের প্রথম প্রহরের আগে রাত পৌনে ১২টার দিকে প্রশাসন ভবন চত্বর থেকে কালো ব্যাজ ধারণ করে শোকযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, সমিতি-পরিষদ ও ফোরাম, বিভিন্ন ছাত্রসংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ সাংবাদিকদের বলেন, “একুশ আমাদের অস্তিত্বের প্রতীক। ভাষার জন্য আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। ভাষা আমাদের অধিকার ও পরিচয়। ১৯৫২ থেকে ১৯৭১ এবং পরবর্তী চেতনা ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।”
ইখা