রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।
রোববার (০১ মার্চ) দুপুর একটার দিকে তিনি রাজধানীর বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আকস্মিক পরিদর্শন করেন। প্রায় দুই ঘণ্টার বেশি সময় অবস্থানকালে তিনি বিভিন্ন প্রাণীর খাঁচা, প্রাণী চিকিৎসা কেন্দ্র ও ওষুধ সংরক্ষণাগার ঘুরে দেখেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং প্রাণীদের খাবার, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সার্বিক পরিচর্যা বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তিনি চিড়িয়াখানা পরিদর্শনে এসেছেন। জাতীয় চিড়িয়াখানাকে কীভাবে আন্তর্জাতিক মানের করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, ঢাকা শহরে বিনোদনের তেমন কোনো ব্যবস্থা নেই। মানুষ ছুটি পেলেই কক্সবাজারসহ দেশ-বিদেশে চলে যান। তাই চিড়িয়াখানায় কোনো ত্রুটি বা অব্যবস্থাপনা রয়েছে কি না, তা দেখতেই আমরা আকস্মিক পরিদর্শনে এসেছি।
পরিদর্শনকালে বেদখল হওয়া চিড়িয়াখানার ৭ একর জায়গা দ্রুত পুনরুদ্ধারে উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও নথিপত্র দ্রুত মন্ত্রণালয়ে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
পরবর্তীতে বিকাল সাড়ে ৩টার দিকে চিড়িয়াখানার পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানের সভাপতিত্বে জু রিসার্চ, এডুকেশন অ্যান্ড সার্ভে শাখায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় চিড়িয়াখানার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার। এসময় চিড়িয়াখানাটি আন্তর্জাতিক মানে রূপান্তরের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়।
প্রতিমন্ত্রী মনোযোগ দিয়ে উপস্থাপনা শোনেন এবং আগামী সাত দিনের মধ্যে একটি সুসংগঠিত প্রকল্প প্রোফাইল ও কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেন।
তিনি বলেন, আমরা চাই এই চিড়িয়াখানাকে আরও সংগঠিতভাবে পরিচালনা করতে। এটি একটি সম্ভাবনাময় প্রকল্প। সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে পারলে এটি লাভজনক ও দর্শনার্থীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে।
তিনি আরও বলেন, আমরা রাষ্ট্রের ক্ষমতাবান ব্যক্তি হিসেবে রাষ্ট্র পরিচালনা করতে চাই না; রাষ্ট্রের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চাই। মানুষ আমাদের যে প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছে, সেই আস্থা রক্ষা করাই আমাদের লক্ষ্য। শুধু আনুষ্ঠানিকতা পালন করে চলে যাওয়ার জন্য আমরা এখানে আসিনি।
এ সময় চিড়িয়াখানায় লেকে নৌকা চালু করা এবং নতুন রাইড সংযোজনের পরামর্শও দেন প্রতিমন্ত্রী, যাতে দর্শনার্থীরা পরিবার নিয়ে নির্বিঘ্নে ও সুন্দর পরিবেশে সময় কাটাতে পারেন।
পরিদর্শনকালে কিউরেটর ডা. মো. আতিকুর রহমান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান, ফখরুদ্দিন আহামেদ, মুহাম্মদ শাহাদাত খন্দকার, ভেটেরিনারি সার্জন ডা. মো. ওয়ালিউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এমআর-২