নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চাচা ও ভাতিজাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে কলাগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—লোহাগড়া উপজেলার নওয়াগ্রাম ইউনিয়নের কলাগাছি গ্রামের আহম্মেদ মোল্যার ছেলে মেছের মোল্যা (৩৫) এবং কাদের মোল্যার ছেলে ইয়ামিন মোল্যা (১৬)। বর্তমানে তাঁরা নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মেছের মোল্যা জানান, শনিবার রাতে তিনি ও তাঁর ভাতিজা ইয়ামিন কলাগাছি বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একই গ্রামের শাকিল মোল্যা (২২), ইনামুল মোল্যা (৩৮), তুহিন মোল্যা (৩২), হাসিফ মোল্যা (২৭), আরমান মোল্যা (১৯), রমিন মোল্যা (৩৬) ও কোবাদ শেখসহ (৩৫) আরও কয়েকজন তাঁদের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। মেছের মোল্যা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আহত ইয়ামিনের বাবা কাদের মোল্যা বলেন, “আলাউদ্দিন মোল্যার নেতৃত্বে সপ্তাহখানেক আগে ওরা আমাদের ৪-৫টি ঘরবাড়ি ভাঙচুর করেছিল। পরে স্থানীয় মাতুব্বররা সালিসের মাধ্যমে বিষয়টি মিটিয়ে দিলেও গতকাল রাতে আবারও হত্যার উদ্দেশ্যে আমার ছেলে ও ভাইকে কুপিয়েছে। আমি এই ঘটনায় মামলা করব।”
মেছের মোল্যার ভাই উদার মোল্যা অভিযোগ করেন, “আমার ভাই বাজারে ব্যবসা করেন। রাতে বাড়ি ফেরার সময় হামলাকারীরা তাঁদের মারধর করার পাশাপাশি নগদ টাকা ছিনিয়ে নিয়েছে এবং মোটরসাইকেলটি ভেঙে তছনছ করে দিয়েছে।”
এ বিষয়ে জানতে অভিযুক্ত আলাউদ্দিন মোল্যার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) অজিত কুমার রায় বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এনআই