এইমাত্র
  • অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন: সিইসি
  • কক্সবাজারে ৫৯৮ কেন্দ্রের মধ্যে ৩২৯ ঝুঁকিপূর্ণ, ভোটের আগে উদ্বেগ বাড়ছে
  • আজ থেকে টানা ৪ দিনের সরকারি ছুটি শুরু
  • রিটার্নিং কর্মকর্তার কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট
  • বিএনপি-জামায়াতের সরাসরি লড়াই, ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ সংখ্যালঘু ভোট
  • ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ
  • নির্বাচনী হাওয়ায় বদলে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত
  • ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা 'হ্যা' এর পক্ষে: আহমাদুল্লাহ
  • সাতকানিয়ার ছমদর পাড়া উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন শাহজাহান চৌধুরী
  • আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
  • আজ বুধবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পঞ্চগড়–২

    বিএনপি-জামায়াতের সরাসরি লড়াই, ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ সংখ্যালঘু ভোট

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ এএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ এএম

    বিএনপি-জামায়াতের সরাসরি লড়াই, ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ সংখ্যালঘু ভোট

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ এএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। ভোটের শেষ সময়ে পঞ্চগড়–২ (বোদা–দেবীগঞ্জ) আসনে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় এ আসনে মূল লড়াই গড়িয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে। বিশ্লেষকদের মতে, জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দিতে পারে সংখ্যালঘু ভোটারদের সমর্থন।


    এই আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনজন—বিএনপির প্রার্থী কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী সাবেক বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আলম ওরফে সফিউল্লাহ সুফি (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ জাসদের প্রার্থী অধ্যাপক এমরান আল আমিন।


    ২০০৮ সাল থেকে টানা আওয়ামী লীগের দখলে থাকা এই আসন পুনরুদ্ধারে বিএনপি জোর প্রচারণা চালাচ্ছে। নির্বাচনের আগে দেবীগঞ্জ ও বোদায় জনসভা করেছে দলটি। এতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দলীয় ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি বলেন, ফরহাদ হোসেন আজাদ নির্বাচিত হলে তাঁকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার বিষয় বিবেচনা করা হবে। প্রচারের শেষ দিনেও বিএনপির নেতা-কর্মীদের ব্যাপক তৎপরতা দেখা গেছে।


    অন্যদিকে শুরু থেকেই সাংগঠনিক শক্তি কাজে লাগিয়ে মাঠে সক্রিয় জামায়াত। প্রচারের শেষ দিনে বোদা ও দেবীগঞ্জে নারী কর্মীদের বড় মিছিল করে দলটি। স্থানীয় সূত্রের দাবি, দেবীগঞ্জে নারী সমাবেশে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। বিকেলে জনসভা ও সন্ধ্যায় মিছিলও আয়োজন করে জামায়াত। সফিউল্লাহ সুফি ঘোষণা দিয়েছেন, নির্বাচিত হলে তিনি সরকারি সুযোগ-সুবিধা সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করবেন।


    এ আসনে জাতীয় পার্টি প্রার্থী দিলেও তাঁর প্রচারণা তেমন চোখে পড়েনি। জুলাই গণ–অভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতা-কর্মীদেরও এলাকায় তৎপর দেখা যাচ্ছে না। তবে দলটির দীর্ঘদিনের ভোটব্যাংক কার দিকে যাবে, সেটিই এখন বড় প্রশ্ন।


    ইতিহাস বলছে, ১৯৯১ সালে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে মোজাহার হোসেন এ আসনে নির্বাচিত হন। পরে ১৯৯৬ ও ২০০১ সালে তিনি বিএনপির মনোনয়নে সংসদ সদস্য হন। ২০০৮ সালে জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম সুজন এ আসনে জয়ী হন এবং পরবর্তী তিনটি নির্বাচনেও (২০১৪, ২০১৮ ও ২০২৪) তিনি আসনটি ধরে রাখেন।


    বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিও এ আসনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। মোজাহার হোসেনের সময় থেকে দলটিতে বিভক্তি রয়েছে। বর্তমানে মোজাহারের ছেলে মাহমুদ হোসেন সুমন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয়দের মতে, মোজাহারের ব্যক্তিগত জনপ্রিয়তা এখনো রয়েছে; ফলে কিছু ভোট সুমনের দিকে যেতে পারে।


    তবে সোনাহার ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রহিমুল ইসলাম বুলবুল নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় তাঁর সমর্থকদের ভোট কোন দিকে যাবে, তা নিয়েও আলোচনা রয়েছে।


    জাসদের প্রার্থী অধ্যাপক এমরান আল আমিন ব্যক্তিগত ভাবমূর্তি কাজে লাগিয়ে প্রচারণা চালালেও সাংগঠনিক দুর্বলতা তাঁর জন্য চ্যালেঞ্জ বলে মনে করছেন অনেকে।


    পঞ্চগড়–২ আসনে প্রায় ১ লাখ ৩৬ হাজার সনাতন ধর্মাবলম্বী ভোটার রয়েছেন। বিশেষ করে বোদার পাঁচপীর ও দেবীগঞ্জের সুন্দরদীঘি ইউনিয়নে এদের সংখ্যা বেশি। অতীতের নির্বাচনে এই ভোটারদের বড় ভূমিকা ছিল। স্থানীয় বিশ্লেষকদের মতে, এবারও জয়-পরাজয়ের সমীকরণ অনেকাংশে নির্ভর করবে এই ভোটের ওপর।


    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৪ হাজার ৩৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৩৬৭, নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৮৯৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। সর্বশেষ হালনাগাদে এ আসনে ভোটার বেড়েছে ১৩ হাজার ২৬৭ জন। তরুণ ভোটার রয়েছেন আনুমানিক ২৫ থেকে ৩০ হাজার।


    সব মিলিয়ে পঞ্চগড়–২ আসনে এবার ভোটের লড়াই জমেছে। বিএনপি ও জামায়াত কেউই ছাড় দিতে রাজি নয়। শেষ পর্যন্ত কার পক্ষে যাবে নির্ণায়ক ভোট—সেই অপেক্ষায় এখন বোদা ও দেবীগঞ্জের ভোটাররা।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…