নারায়ণগঞ্জে ভোটের সরঞ্জাম বিতরণ শুরু, প্রস্তুত আইনশৃঙ্খলাবাহিনী
শিপন সিকদার, নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএম
সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ভোটের প্রস্তুতি প্রায় শেষ৷ আজ নারায়ণগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।
জেলার প্রায় ২৪ লাখ ভোটার এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ ভোটার, পাশাপাশি তৃতীয় লিঙ্গেরও কিছু সংখ্যক ভোটার রয়েছেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ভোটকেন্দ্রগুলোর সরঞ্জাম জেলা নির্বাচন কার্যালয় থেকে বিতরণ করা হচ্ছে। অন্যদিকে জেলার বিভিন্ন উপজেলা থেকে নিজ নিজ এলাকার কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে সরঞ্জাম পাঠানো হবে।
জেলাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক মোতায়েন থাকছে। জেলার পাঁচটি আসনের বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করবেন পুলিশের ২ হাজার ১৯৬ জন সদস্য। পাশাপাশি বিজিবির ১৭ প্লাটুনের মোট ৩৪০ জন সদস্য মাঠে কাজ করবেন।
প্রতিটি আসনে এক প্লাটুন করে মোট পাঁচ প্লাটুন র্যাব সদস্য দায়িত্ব পালন করবেন, যার মোট সদস্য সংখ্যা ১০০ জন। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য নিয়োজিত থাকবেন। সে হিসাবে ৭৯৭টি কেন্দ্রে মোট ১০ হাজার ৩৬১ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জে সেনাবাহিনীর ছয়টি ক্যাম্প প্রস্তুত রয়েছে। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারাও নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এইচএ