কঠোর নিরাপত্তায় কিশোরগঞ্জে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে ব্যালট ও নির্বাচনি সরঞ্জাম
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম
আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এ উপলক্ষে সারা দেশের মতো কিশোরগঞ্জেরও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। আজ
বুধবার (১১ ফ্রেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিভিন্ন উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জেলার ৬টি নির্বাচনী এলাকার ৯১৩টি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সীলসহ বিভিন্ন সামগ্রী পাঠানো শুরু হয়।রাত পোহালেই ভোট। এ উপলক্ষে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি। এর মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণ ভোটের জন্য গোলাপি ব্যালট পেপারসহ ভোটার তালিকা। সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে নির্বাচনী সামগ্রী হস্তান্তর করেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার। পরে সেনাবাহিনীর প্রহরায় কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ভোটের সামগ্রী। নির্বাচন কর্মকর্তারা জানান, সন্ধ্যার আগেই সব কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো শেষ হবে।
সরজমিনে সংসদীয় আসনগুলো ঘুরে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম বুঝে নিতে নির্দিষ্ট ভ্যেন্যুতে আসা শুরু করেন। ব্যালট বাক্স, ব্যালট পেপার থেকে শুরু করে কেন্দ্রভিত্তিক ভোটারতালিকাসহ নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দিচ্ছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। গাড়িতে করে এসব সরঞ্জামাদি কেন্দ্রে নিয়ে যাচ্ছেন আনসার ভিডিপির সদস্য ও পুলিশ। সন্ধ্যার মধ্যেই সবকটি কেন্দ্র প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন তারা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান মারুফ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৬টি নির্বাচনী এলাকায় ভোট কেন্দ্র ৯১৩টি। আর ভোটার সংখ্যা ২৭ লাখ ২৭ হাজার। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন বদ্ধপরিকর। ইতোমধ্যে নির্বাচনী মাঠে ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, প্রতিটি এলাকায় ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে। পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবে। আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোন ধরনের শংকা নেই। ভোটাররা দল বেধে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট প্রদান করবে বলে আশা করেন তিনি।
এইচএ