ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। এর মধ্যেই বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ নিরঙ্কুশ জয়ের পথে রয়েছেন বলে দলীয় সূত্র দাবি করেছে। তবে চূড়ান্ত ফলাফলের জন্য আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার কিছু পর তিনি তাঁর সহধর্মিণী, সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ এবং কনিষ্ঠ পুত্র সাঈদ ইব্রাহিমকে সঙ্গে নিয়ে নিজ কেন্দ্রে ভোট দিতে যান। ভোটকেন্দ্রে সাধারণ ভোটারদের সঙ্গে একই সারিতে দাঁড়িয়ে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় কেন্দ্র প্রাঙ্গণে উৎসুক ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
ভোট দিয়ে বেরিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, "নানা প্রতিকূলতা অতিক্রম করে দেশে ধীরে ধীরে সুষ্ঠু ভোটের পরিবেশ ফিরছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে, যা গণতন্ত্রের প্রতি আস্থার প্রতিফলন।" তিনি আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সব নাগরিক সমান অধিকার ভোগ করবে এবং ভোটের মাধ্যমেই জনগণ তাদের মতামত স্পষ্ট করবে।
তবে তিনি অভিযোগ করেন, একটি পক্ষ দেশের বিভিন্ন স্থানে ভোটের পরিবেশ ব্যাহত করার চেষ্টা করছে। গণমাধ্যমে প্রকাশিত কয়েকটি ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনিয়মের যেকোনো চেষ্টা জনগণই ব্যর্থ করে দেবে। তাঁর ভাষ্যমতে, শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এই নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনভর বিভিন্ন কেন্দ্র ঘুরে দলীয় নেতাকর্মীরা জানান, বেশির ভাগ কেন্দ্রেই ধানের শীষ প্রতীকের প্রার্থী এগিয়ে আছেন। বিশেষ করে গ্রামাঞ্চলের কেন্দ্রগুলোতে ভোটের ব্যবধান উল্লেখযোগ্য বলে দাবি করা হয়। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে এখন আনুষ্ঠানিক ফলাফলের অপেক্ষায় আছেন সালাহউদ্দিন আহমদ ও কক্সবাজার–১ আসনের ভোটাররা।
এনআই