ভোটে জয়ের পর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়টি খুলে দেওয়া হয়। এ সময় তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে থাকার আশ্বাস দেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় পক্ষে বিপক্ষে নানা আলোচনা শুরু হয়। ভিডিওতে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেটকে বলতে শোনা যায়, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান কার্যালয়টি তালামুক্ত করেছেন, যা স্থানীয় আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের জন্য ইতিবাচক বার্তা।
একই ভিডিওতে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা আবুল হোসেন অভিযোগ করে বলেন, তাদের নামে মিথ্যা মামলা হয়েছে এবং সেখান থেকে রক্ষার জন্য তিনি আবু দাউদ প্রধানের সহযোগিতা চান। সাবেক ছাত্রলীগ নেতা আনিসুজ্জমান স্বপন বলেন, দেশের পতাকা ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো অপচেষ্টা হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে।
দলমত নির্বিশেষে সবাই এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে আবু দাউদ প্রধান বলেন, আওয়ামী লীগের কার্যালয়ে তালা দেওয়া ছিল বিষয়টি তিনি আগে জানতেন না। জানতে পেরে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তিনি উদ্যোগ নিয়ে কার্যালয়টি খুলে দেন। তার ভাষ্য, প্রতিটি দলেই কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি থাকতে পারে, তবে দলীয় ব্যবস্থায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কোনোভাবেই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।
অন্যদিকে মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, কার্যালয়টি আগে জামায়াতের লোকজন তালাবদ্ধ করে রেখেছিল। শুক্রবার স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে আবু দাউদ প্রধানের উপস্থিতিতে অফিসটি খোলা হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। আপাতত মুক্তিযোদ্ধারা কার্যালয়টি ব্যবহার করবেন, এখানে আওয়ামী লীগের কোনো সাংগঠনিক কার্যক্রম হবে না বলেও জানান তিনি।
পরে আবারও আবু দাউদ প্রধান বলেন, এটি তার দলের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়। এলাকায় উত্তেজনা এড়াতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই তিনি এ পদক্ষেপ নিয়েছেন।
এসআর