ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে জয়লাভ করার পর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। বিজয়ী হওয়ার পর তিনি সরাসরি ছুটে গেছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়িতে এবং তাঁর হাতে তুলে দিয়েছেন ফুলের তোড়া।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পত্নীতলা উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খানের বাসভবনে গিয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় দুই নেতার সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মো. মারুফ আহমেদসহ বিএনপি ও জামায়াতের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী। তাঁরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ইঞ্জিনিয়ার মো. এনামুল হক ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. সামসুজ্জোহা খান ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট। ৬ হাজার ৯৯৩ ভোটের ব্যবধানে নওগাঁ-২ আসনে বেসরকারিভাবে বিজয়ী হন ইঞ্জিনিয়ার এনামুল হক।
উল্লেখ্য, নওগাঁ-২ আসনের ২টি পৌরসভা ও ১৯টি ইউনিয়ন মিলে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৪৩৬ জন। রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দুই প্রার্থীর এই সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সাধারণ মানুষের কাছে প্রশংসিত হচ্ছে।
এনআই