পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে বরিশালে ফুলের দোকানগুলোতে ফুলপ্রেমীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রিয়জনকে একটি লাল গোলাপ উপহার দিতে সকাল থেকেই তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের মানুষ ভিড় করছেন দোকানগুলোতে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই বরিশাল নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের দোকানগুলোতে ক্রেতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এছাড়া বিনোদন কেন্দ্রগুলোর প্রবেশমুখে লাল গোলাপ, গাঁদা, জারবেরা, রজনীগন্ধাসহ বিভিন্ন ধরনের তোড়া সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বিশেষ করে লাল গোলাপ ও হলুদ-কমলা রঙের ফুলের চাহিদা সবচেয়ে বেশি। তরুণ-তরুণীদের পাশাপাশি পরিবার নিয়ে অনেককেই ফুল কিনতে দেখা গেছে।
বিক্রেতারা জানান, বসন্ত ও ভালোবাসা দিবস একই দিনে হওয়ায় এবার বিক্রি বেড়েছে। তবে পাইকারি বাজারে দাম বেশি থাকায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। মান ও আকারভেদে দেশি গোলাপ প্রতি পিস ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বিভিন্ন ডিজাইনের ফুলের তোড়া ১০০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ অভিযোগ করছেন যে গত বছরের তুলনায় ফুলের দাম এবার প্রায় দ্বিগুণ। আবার অনেক ক্রেতার মতে, বিশেষ দিন হিসেবে দাম কিছুটা বেশি হলেও তা সহনীয়। দোকানে ফুল কিনতে আসা এক তরুণী বলেন, "দিনটি সবার জীবনে সুন্দর আগামী বয়ে আনুক। সবাই তাদের ভালোবাসার মানুষকে খুঁজে পাক।"
ব্যবসায়ীরা জানান, সকালের তুলনায় বিকেলের পর ভিড় আরও বাড়বে বলে তারা আশা করছেন। সব মিলিয়ে ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনকে কেন্দ্র করে বরিশালের ফুলের দোকান ও বিনোদন কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে।
এনআই