বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াতের কেউ এমপি হিসেবে শপথ নেবে না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সময় সংবাদকে তিনি বলেন, বিএনপি যদি সংবিধান সংশোধনী পরিষদের শপথ না নেয় তাহলে অভ্যুত্থানের পর যে সংস্কার আকাঙ্ক্ষা তা ব্যাহত হবে। আমরা জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে বদ্ধপরিকর। তারা সংবিধান সংশোধনী পরিষদে শপথ না নিলে জামায়াতের কোনো এমপি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবে না। এখন পর্যন্ত এটাই আমাদের সিদ্ধান্ত।
এদিকে আলোচনা করে শপথের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন পাবনা-১ আসন থেকে জামায়াতে ইসলামীর নবনির্বাচিত এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান।
আজ সংসদ সচিবালয় ত্রয়োদশ জাতীয় সংসদের নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি রেখেছিল। তবে বিএনপি সংসদ সদস্যদের শপথ গ্রহণ করলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না বলে জানিয়ে দিয়েছে।
শপথ গ্রহণের আগে কক্সবাজার–১ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ ফরম থাকলেও আমরা (বিএনপি) কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। এছাড়া সংবিধানে এটা এখনও ধারণ করা হয়নি।
তিনি বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ নেয়াবেন, সেটা বিধান করতে হবে।
এইচএ