কিশোরগঞ্জের হোসেনপুরে শ্বশুরের মৃত্যুর খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক জামাতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে একই গ্রামের বাসিন্দা ওই শ্বশুর ও জামাতার এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।
নিহত শ্বশুর উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের ভরুয়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে মো. আবদুল করিম (৭২) এবং জামাতা একই গ্রামের মৃত মহর উদ্দিনের ছেলে মো. হিরা মিয়া (৪৮)।
মঙ্গলবার রাতে আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. আবদুল করিম শ্বাসকষ্টজনিত সমস্যায় কয়েকদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এদিকে শ্বশুরের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে তাঁর জামাতা মো. হিরা মিয়া মানসিকভাবে শোকাহত হয়ে পড়েন।
পারিবারিক সূত্রে জানা যায়, খবর শোনার কিছুক্ষণ পরই মো. হিরা মিয়া তীব্র বুকে ব্যথা অনুভব করেন। পরিবারের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শ্বশুরের মৃত্যুর দুই ঘণ্টার ব্যবধানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁরও মৃত্যু হয়।
আড়াইবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন বলেন, “একই পরিবারের দুই সদস্যের এমন আকস্মিক মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। স্বজনদের মাঝে গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে।”
এনআই