রাজবাড়ীর পাংশা ও কালুখালীতে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে পৃথক ঘটনায় সোহান ও হুসাইন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(১৭ ফেব্রুয়রি) দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরছিলকা গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে সোহান (২) এবং পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নটাভাঙ্গা গ্রামের রনি মণ্ডলের ছেলে হুসাইন (৩)।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করার সময় হঠাৎ করেই শিশু দুটি পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. এনামুল হক তাদের মৃত ঘোষণা করেন।
ডা. এনামুল হক জানান, শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
পৃথক এ ঘটনায় নিহত শিশুদের পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এনআই