প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের সংসদ সদস্য আফরোজা খান রিতা। নবগঠিত সরকারে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। স্বাধীনতার ৫৫ বছরে এই আসনে তিনিই প্রথম নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করলেন।
আফরোজা খান রিতা মন্ত্রিসভায় ডাক পাওয়ায় মানিকগঞ্জে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। জেলাবাসীও এই অর্জনে উচ্ছ্বসিত।
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করা আফরোজা খান রিতা বর্তমানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক। তিনি মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তাঁর স্বামী মইনুল ইসলাম একই প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আফরোজা খান রিতার বাবা প্রয়াত শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু ছিলেন মানিকগঞ্জ-২ ও মানিকগঞ্জ-৩ আসনে চারবারের সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী। মূলত বাবার হাত ধরেই রাজনীতিতে সম্পৃক্ত হন তিনি। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাবার প্রধান নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব পালনের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনের শুরু।
পরবর্তীতে তিনি জেলা ও রাজধানী ঢাকায় দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ২০১০ সালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ২০১৩ সালে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। ২০২১ সালে জেলা বিএনপির কাউন্সিলে ৪৫ জন ভোটারের মধ্যে ৪২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। সর্বশেষ গত ২ ফেব্রুয়ারি তাঁকে আহ্বায়ক করে জেলা বিএনপির সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় থাকায় আফরোজা খান রিতা ও তাঁর দলের অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। শেখ হাসিনা সরকারের আমলে তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ নানাভাবে হয়রানি করা হলেও তিনি দমে যাননি। কঠিন সময়ে নেতা-কর্মীদের পাশে থেকে আর্থিক ও মানসিক সহায়তা দিয়ে দলকে সুসংগঠিত করেছেন তিনি।
ঢাকার পার্শ্ববর্তী জেলা হওয়া সত্ত্বেও বিগত সময়ে মানিকগঞ্জে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মনে করেন স্থানীয়রা। আফরোজা খান রিতা মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় অবহেলিত মানিকগঞ্জসহ সারা দেশের উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আসবে—এমনটাই প্রত্যাশা সবার।
উল্লেখ্য, মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খান রিতা ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ সাঈদ নূর পেয়েছেন ৬৪ হাজার ২৪২ ভোট।
এনআই