যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে পরকীয়া নিয়ে গণ্ডগোলের জেরে মেয়ের বাবার মারধরে ছেলের বাবা আক্কাস আলী (৫৫) গুরুত্বর জখম হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সাজিয়ালী পুলিশ ক্যাম্পের কাছে এই ঘটনা ঘটে। আহত আক্কাস আলী ঝাউদিয়া গ্রামের আবু বক্করের ছেলে। তিনি বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত আক্কাস আলী জানান, তাঁর ছেলে মারুফ হোসেনের (২৫) সাথে পাশের বাদিয়াটোলা গ্রামের জাকির হোসেনের মেয়ে জেসমিন খাতুনের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। মারুফ দুই মাসের একটি কন্যাসন্তানের জনক এবং জেসমিন চার বছরের একটি পুত্রসন্তানের জননী। পরকীয়ার জেরে তারা কয়েকদিন আগে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়।
মঙ্গলবার সাজিয়ালী পুলিশ ক্যাম্পে বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য দুই পক্ষকে ডাকা হয়। ক্যাম্পে যাওয়ার পথে জেসমিনের বাবা জাকির হোসেনসহ দুইজন আক্কাস আলীর ওপর হামলা করেন। এ সময় হেলমেট দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত আক্কাস আলীর মাথার আঘাতটি গুরুতর। পুরুষ সার্জারি ওয়ার্ডে তাঁর চিকিৎসাসেবা চলছে।
সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, পরকীয়ার জেরে মারুফ নামে এক যুবক এক সন্তানের জননী জেসমিনকে নিয়ে লাপাত্তা হন। এ ঘটনায় দুই পক্ষকে ক্যাম্পে ডাকা হয়েছিল। পথিমধ্যে মেয়ের বাবার হামলায় ছেলের বাবা জখম হন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ আরও জানায়, জেসমিন বর্তমানে তাঁর স্বামী ছেড়ে মারুফের সাথেই সংসার করতে আগ্রহী।
এনআই