নিজ জেলা যশোরে জনতার ভালোবাসায় সিক্ত হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মন্ত্রিসভার সদস্য হয়ে শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) প্রথমবারের মতো দুই দিনের সফরে যশোরে আসেন তিনি। এ সময় তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে জনগণ আনন্দে উচ্ছ্বসিত হন।
সকাল সাড়ে ১০টার দিকে অনিন্দ্য ইসলাম অমিত যশোর বিমানবন্দরে পৌঁছালে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
বিমানবন্দর থেকে অনিন্দ্য ইসলাম অমিত রাষ্ট্রীয় প্রটোকলে যশোর সার্কিট হাউসে পৌঁছানোর পর তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অমিতকে যশোরবাসী হৃদয় নিংড়ানো ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন। এই শুভেচ্ছা বিনিময় চলে দুই ঘণ্টারও বেশি সময় ধরে। যশোর স্থানীয় সরকার বিভাগ, যশোর সরকারি এমএম কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি সিটি কলেজ, যশোর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, নতুনহাট পাবলিক কলেজ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষক সমিতি (যশোর জেলা শাখা), বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (যশোর জেলা শাখা), জেলার সর্বস্তরের খেলোয়াড় ও সংগঠকবৃন্দ, সাংবাদিক ইউনিয়ন যশোর, বাংলাদেশ মোটরপার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি (যশোর সার্কেল), নগর বিএনপি, সদর উপজেলা বিএনপিসহ জেলা বিএনপির অধীনস্থ সকল ইউনিটের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময় শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরসহ সমগ্র দেশবাসীর প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সাংবাদিকদের বলেন, “দেশের স্বার্থ রক্ষায় সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করব।” এ সময় তিনি নির্বাচনের আগে যশোরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি ও অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দেন।
অনিন্দ্য ইসলাম অমিত কারবালা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করে তাঁর পিতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন।
এনআই