ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে গিয়ে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) কামড়ে আহত করার ঘটনা ঘটেছে। এ সময় ৮ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাঠালিয়া থানা পুলিশের একটি দল উপজেলার দক্ষিণ চেঁচরী এলাকায় অভিযান চালায়। সোহরাব মাস্টারের বাড়ির সামনের সড়কে সন্দেহজনকভাবে অবস্থানরত সুজন হাওলাদার (৩০) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন এসআই রতন চন্দ্র হালদার। পুলিশ জানায়, আটক করার সময় সুজন হাওলাদার হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন। ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি এসআই রতনের হাতে কামড় দেন এবং পালানোর চেষ্টা করেন। এতে এসআই রতন আহত হন। পরে সঙ্গে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত তাকে নিয়ন্ত্রণে আনেন।
আটক সুজন উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের বাসিন্দা এবং মো. সোবাহান হাওলাদারের ছেলে।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবু নাছের রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযানে গিয়ে দায়িত্ব পালনকালে এসআইকে কামড় দেওয়া হয়েছে। ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। আহত এসআই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।”
এসআর