নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিন ফসলি আবাদি কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার চৌগ্রাম, ইটালি, রামানন্দ খাজুরা, সুকাশের বনকুড়াইল, কলমের নজরপুর, পুন্ডরি ও মির্জাপুর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে পরিচালিত এই অভিযান চলাকালে মাটি কাটার এক্সকেভেটর (ভেকু) নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। এ সময় ঘটনাস্থল থেকে ৮টি এক্সকেভেটর, ১৬টি ব্যাটারি ও গাড়িতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যেতে সক্ষম হয়।
অভিযানকালে উদ্ধারকৃত যন্ত্রাংশগুলো জব্দ তালিকায় রাখা হয়েছে, যাতে পুনরায় অবৈধভাবে মাটি খনন বা পুকুর খনন কার্যক্রম পরিচালনা করা না যায়।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, কৃষি জমিতে অবৈধভাবে মাটি কাটা ও পুকুর খনন আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতিকর। ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে মাটি ও বালু ব্যবস্থাপনা আইনসহ সংশ্লিষ্ট আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান চলাকালে এলাকাবাসীকে সতর্ক করে বলা হয়, কোনোভাবেই যেন ফসলি জমির 'টপ সয়েল' বা উপরিভাগের মাটি কাটা কিংবা অবৈধ পুকুর খনন না হয়। এ ধরনের যেকোনো অবৈধ কর্মকাণ্ডের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোরও আহ্বান জানানো হয়।
এনআই