এইমাত্র
  • তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী
  • পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : প্রধানমন্ত্রী
  • মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর
  • প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার
  • ফের আগরতলা-ঢাকা- কলকাতা বাস সার্ভিস চালু
  • রাষ্ট্রপতির প্রেস সচিব পদে আবারও সরওয়ার আলম
  • সার্ককে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি পররাষ্ট্রমন্ত্রীর
  • ফেব্রুয়ারির প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৭০ লাখ ডলার
  • নোয়াখালীতে ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার
  • শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি: অদৃশ্য বিপদ ঘরে বাইরে
  • আজ বুধবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মিঠামইনে নদীভাঙন রোধের গাছ কাটার দায়ে মামলা, বিএনপি নেতা বহিষ্কৃত

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩০ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩০ পিএম

    মিঠামইনে নদীভাঙন রোধের গাছ কাটার দায়ে মামলা, বিএনপি নেতা বহিষ্কৃত

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩০ পিএম

    কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে রোপণ করা মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। 


    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে মিঠামইন থানায় মামলাটি করেন। মামলায় আঙ্গুর মিয়া নামের একজনকে অভিযুক্ত করা হয়েছে।


    তবে স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে দিবালোকে গাছ কেটে ফেলা হলেও চুরির অভিযোগে মামলা করে প্রকৃত ঘটনা ও মূল দোষীকে আড়াল করার পাঁয়তারা করা হচ্ছে।


    এদিকে, এই ঘটনায় মঙ্গলবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে এ ধরনের অন্যায় ও নিন্দনীয় কাজকে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট বহিঃপ্রকাশ উল্লেখ করে তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।


    বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণকৃত প্রায় ২০টি মেহগনি গাছ ব্যক্তিগত স্বার্থে কেটে ফেলার অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি নিজ গাড়ি চলাচলের পথ সুগম করার লক্ষ্যে এ কাজ করেছেন, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী।


    স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ সদস্য থাকাকালে নদীভাঙন ঠেকাতে কামালপুর বেড়িবাঁধে মেহগনি গাছ রোপণের উদ্যোগ নিয়েছিলেন। দীর্ঘদিন ধরে গাছগুলো এলাকাবাসীর কাছে ভাঙনরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছিল। অভিযোগ উঠেছে, গত ৫ আগস্টের পর থেকে নিজের ব্যক্তিগত গাড়ি চলাচলে সমস্যা হওয়ায় জাহিদুল আলম জাহাঙ্গীর ধাপে ধাপে গাছগুলো কাটা শুরু করেন। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি তিনি ১০-১২টি গাছ কেটে ফেলেন। প্রতিটি গাছের আনুমানিক বাজারমূল্য ২০ থেকে ২৫ হাজার টাকা। স্থানীয়রা জানান, জাহিদুল প্রভাবশালী হওয়ায় এত দিন কেউ মুখ খুলতে সাহস পাননি।


    উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনা জানার পর স-মিলে খোঁজ নিয়ে জানতে পারি, আঙ্গুর মিয়া নামের এক ব্যক্তি গাছগুলো মিলে নিয়ে এসেছিলেন। তাই তাঁকে অভিযুক্ত করে মামলা করেছি।”


    দিনের বেলায় প্রকাশ্যে গাছ কাটা হলেও কেন চুরির অভিযোগে মামলা করা হয়েছে—এমন প্রশ্নে তিনি বলেন, “এ বিষয়ে আমার অভিজ্ঞতা নেই। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। আঙ্গুর মিয়া গ্রেপ্তার হলে তাঁর নির্দেশে এ কাজ হয়েছে কি না, তা জানা যাবে।”


    এদিকে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীর বলেন, “আমি কেন কাটব? জায়গা ও গাছগুলো সরকারি নয়; বেড়িবাঁধও অধিগ্রহণকৃত নয়। প্রত্যেকে নিজের জায়গা থেকে গাছ কেটে নিয়েছে।”


    মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা প্রকৌশলী বাদী হয়ে একজনকে আসামি করে মামলা করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…