কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাঁচ বছরের এক শিশুকে ‘মজা’ (খাবার) কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে কাউসার আহমেদ রবিন (১৭) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক কাউসার আহমেদ রবিন হোসেন্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের কবির মিয়ার ছেলে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল ওই শিশুটি। এ সময় রবিন তাকে খাবার কিনে দেওয়ার কথা বলে কৌশলে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালালে শিশুটি চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে শিশুকে উদ্ধার করে এবং অভিযুক্ত রবিনকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়।
স্থানীয় বাসিন্দা রাকিব মিয়া জানান, “শিশুর চিৎকার শুনে আমরা এগিয়ে যাই এবং অভিযুক্তকে আটক করি। পরে পাকুন্দিয়া থানায় খবর দিলে পুলিশ এসে তাকে নিয়ে যায়। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে ধর্ষণচেষ্টার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত যুবককে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
এনআই