মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পাকিস্তানি ব্যবসায়ী আসিফ রাজা মার্চেন্টকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের একটি ফেডারেল আদালতের জুরি। বিচার চলাকালে জুরির সামনে উপস্থাপিত তথ্য অনুযায়ী, মার্কিন নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিলেন মার্চেন্ট। শুনানিতে তিনি স্বীকার করেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা ইসলামীক রেভল্যুশনারি গার্ডের একজন গোয়েন্দার নির্দেশে তিনি এ পরিকল্পনা করছিলেন। খবর অ্যাসোসিয়েটেড প্রেস-এপি
প্রসিকিউটরদের অভিযোগ, যুক্তরাষ্ট্রে ভাড়াটে খুনি নিয়োগের চেষ্টা করেছিলেন মার্চেন্ট। জুরির শুনানিতে জানা যায়, পরিকল্পনার অংশ হিসেবে তিনি ৫ হাজার ডলার নগদ অর্থ দিয়েছিলেন। সম্ভাব্য লক্ষ্য হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালির নামও আলোচনায় আসে।
তবে পরিকল্পনাটি ভেস্তে যায়, যখন মার্চেন্ট একজন পরিচিত ব্যক্তির কাছে বিষয়টি তুলে ধরেন। পরে ওই ব্যক্তি গোপনে এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করেন এবং মার্চেন্টের যোগাযোগ হয় আন্ডারকভার এজেন্টদের সঙ্গে।
মার্কিন কর্মকর্তারা বলছেন, ২০২০ সালের জানুয়ারিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানি বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে এই ষড়যন্ত্রের পরিকল্পনা করা হয়েছিল। ওই ঘটনায় দীর্ঘদিন ধরে প্রতিশোধ নেয়ার হুমকি দিয়ে আসছিল ইরান।
বিচারের সময় মার্চেন্ট আদালতে বলেন, তেহরানে থাকা তার পরিবারকে বিপ্লবী গার্ডের হাত থেকে রক্ষা করার জন্যই তাকে এ ষড়যন্ত্রে জড়াতে বাধ্য করা হয়েছিল। তিনি আরও দাবি করেন, নির্দিষ্ট কাউকে হত্যার নির্দেশ তাকে দেয়া হয়নি। তবে তার ইরানি যোগাযোগকারী সম্ভাব্য লক্ষ্য হিসেবে ট্রাম্প, বাইডেন ও নিকি হ্যালির নাম উল্লেখ করেছিলেন।
প্রসিকিউটরদের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, মার্চেন্টের বিরুদ্ধে আনা দুই অভিযোগ—আন্তদেশীয় সন্ত্রাসবাদে জড়িত থাকা এবং ভাড়ায় খুনের ষড়যন্ত্র—প্রমাণিত হয়েছে। আদালত পরবর্তী নির্ধারিত তারিখে তার সাজা ঘোষণা করবেন। দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। মার্কিন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১২ জুলাই যুক্তরাষ্ট্র ত্যাগের প্রস্তুতি নেয়ার সময় মার্চেন্টকে গ্রেপ্তার করা হয়।
এবি