মুন্সীগঞ্জ-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্যসচিব মো. মহিউদ্দিনের কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানো এবং প্রচার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে ধরে গজারিয়ায় সংবাদ সম্মেলন করেছেন প্রার্থীর অনুসারীরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে গজারিয়া উপজেলার রসুলপুর খেয়াঘাট এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুবদল কেন্দ্রীয় কমিটির সদ্য বহিষ্কৃত সাবেক সহসভাপতি মুহা. মুজিবুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই পরিকল্পিতভাবে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের বাধাগ্রস্ত করা হচ্ছে। বিভিন্ন স্থানে হামলা, মারধর এবং মিথ্যা মামলায় জড়ানোর অপচেষ্টা চলছে। পাশাপাশি ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হলেও বাস্তবে প্রতিপক্ষের আচরণ সম্পূর্ণ ভিন্ন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হুমায়ুন খান বলেন, প্রচারণায় বের হলেই প্রতিপক্ষের লোকজন বাধা দেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তিনি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা দাবি করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদ্য পদত্যাগকারী সদস্যসচিব আব্দুর রহমান শফিক, বিএনপি নেতা মফিজুল ইসলাম রনি, মকবুল আহমেদ রতন, জহরুল হক রিটুসহ স্থানীয় নেতাকর্মীরা।
ইখা