আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ড. ইকবাল হোসেন ভূঁইয়া দাড়িপাল্লা প্রতীকে প্রচারণা শুরু করেছেন। গত দুই দিনে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
জোট সূত্রে জানা গেছে, শুরুতে আসনটি বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত থাকলেও পরবর্তীতে মাঠপর্যায়ের রাজনৈতিক পরিস্থিতি ও ভোটের সম্ভাবনা বিবেচনায় প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় পর্যায়ের আলোচনার পর ড. ইকবাল হোসেন ভূঁইয়াকে এই আসনে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন, মোগরাপাড়া ইউনিয়ন ও পৌরসভার কয়েকটি এলাকায় দাড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ চালানো হয়। পরদিন মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জ পূর্ব ও পশ্চিম এলাকায় একই ধরনের প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়।
এনসিপির জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ বলেন, “জোটের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী পরিবর্তন করা হয়েছে। মাঠপর্যায়ের বাস্তবতা ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, “প্রার্থী পরিবর্তনের কারণে শুরুতে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিল। বর্তমানে জোটের শরিক দলগুলো সমন্বয়ের মাধ্যমে প্রচারণা চালাচ্ছে।”
নিজের নির্বাচনী অগ্রাধিকারের বিষয়ে তিনি বলেন, “নির্বাচিত হলে বৈধ গ্যাস সংযোগ, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নের বিষয়ে কাজ করতে চাই।” তিনি আরও জানান, শিল্পাঞ্চলকেন্দ্রিক কর্মসংস্থান, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন তার পরিকল্পনার মধ্যে রয়েছে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় যুবশক্তির নেতা অনিক খান সিয়াম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম মোল্লা, জামায়াতে ইসলামী নেতা আহসান হাবিব সুমন, সোনারগাঁ থানা ছাত্রশিবিরের সভাপতি আবু আজিজসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ইখা