ময়মনসিংহের নান্দাইলে মোটরে বিদ্যুৎসংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুকন উদ্দিন ব্যাপারী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুকন উদ্দিন ব্যাপারী একই গ্রামের মাইজ উদ্দীনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রুকন উদ্দিন ব্যাপারী একজন কৃষক ছিলেন। কৃষিকাজের পাশাপাশি গ্রামের বাজারে নিয়মিত শাক-সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
শনিবার সকালে তিনি পানি সেচ দিতে বৈদ্যুতিক মোটর নিয়ে কৃষিজমিতে যান। মোটরে বিদ্যুৎসংযোগ দেওয়ার পর অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পাশের জমির কৃষকরা বিষয়টি টের পেয়ে পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মো.আল আমীন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
পিএম