বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, কুমিল্লাকে নিয়ে আমার কিছু পরিকল্পনা রয়েছে। কুমিল্লায় বিমানবন্দর পুনরায় চালু, ঢাকা-চট্টগ্রাম সরাসরি রেললাইন স্থাপন, চাঁদপুর-নোয়াখালী সড়কের সঙ্গে সরাসরি সমুদ্রবন্দরের সংযোগের পরিকল্পনা রয়েছে। আর এসব করতে পারলে কুমিল্লা হবে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অর্থনৈতিক হাব।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের শাসনগাছা বাসস্ট্যান্ডে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরবর্তীতে তিনি দৌলতপুর চৌমুহনী, বড় পুকুরপাড়, থিরা পুকুরপাড়, কাচিয়াতলীতে পৃথক সমাবেশে বক্তব্য রাখেন।
এসময় মনিরুল হক চৌধুরী আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দেশ, জাতি ও গণতন্ত্র রক্ষার নির্বাচন। এ নির্বাচনে জনগণের রায় নিয়ে বিএনপি নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আর নির্বাচিত সরকারের প্রধান হবেন তারেক রহমান এবং তাঁর দেশ গড়ার নেতৃত্ব হবে বিশ্ব কাঁপানো নেতৃত্ব।
তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে একটি নির্বাচিত সরকার ছাড়া দেশ সঠিকভাবে চলতে পারে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইশারায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. ইউনুসের লন্ডনর ঐতিহাসিক বৈঠকই দেশকে নির্বাচনের দিকে নিয়ে যায়। একটি মহল ৫ আগস্টের পর থেকেই নানা ষড়যন্ত্র করে দেশকে নির্বাচন থেকে দূরে রাখতে চেয়েছে। এখনো ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্র রুখে দিতে আপনাদের সজাগ থাকতে হবে।
মনিরুল হক চৌধুরী বলেন, সিটি করপোরেশন হয়েছে আজ ১২ বছর। শাসনগাছা শহর হয়েও এখনো ইউনিয়ন কেনো? আমি নির্বাচিত হলে শাসনগাছা সহ দুর্গাপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়নকে সিটি করপোরেশনে একীভূত করা হবে।
এসময়, সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান আমির, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, জেলা কৃষকদলের সভাপতি মোস্তফা জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক কামাল হোসেন হাসেম, আদর্শ সদর উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুল আলী রাশেদসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।