চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ বাহিনী ও উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে ১১ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড়সংলগ্ন এলাকায় পরিচিত বার্মা কলোনিতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান। এ সময় সাতকানিয়া সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল অভিযানে অংশ নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কথিত বার্মা কলোনিতে বসবাসকারীদের একটি বড় অংশ রোহিঙ্গা পরিবার। অভিযোগ রয়েছে, তাদের কেউ কেউ অবৈধভাবে জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে বাংলাদেশি পরিচয়ে বিভিন্ন এলাকায় কাজ করছেন। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরদারিতে রয়েছে বলেও জানা গেছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, কম মজুরিতে শ্রমিক নিয়োগের লোভে কিছু অসাধু নিয়োগদাতা রোহিঙ্গাদের কাজে লাগাচ্ছেন। এতে একদিকে স্থানীয় শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে পরিচয় গোপন রেখে অবাধ চলাচলের সুযোগ তৈরি হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে নজরদারিতে থাকা ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখানে অবস্থানরত ১১ জন রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের প্রাথমিক যাচাই–বাছাই শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।
এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান বলেন, সরকারের সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী রোহিঙ্গারা নির্ধারিত ক্যাম্পের বাইরে অবস্থান করতে পারেন না। এ বিষয়ে প্রশাসন নিয়মিত তদারকি চালিয়ে যাচ্ছে। আটক ব্যক্তিদের পরিচয় যাচাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ক্যাম্পে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, এ ধরনের কার্যক্রমে স্থানীয়দের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সন্দেহজনক ব্যক্তি বা চলাফেরা নজরে এলে প্রশাসনকে অবহিত করলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
পিএম