আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন (বরগুনা সদর, তালতলী ও আমতলী) ঘীরে জমে উঠেছে নির্বাচনী মাঠ। দীর্ঘদিন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসন। এবারের নির্বাচনে আওয়ামী লীগ না থাকলেও ভোটের মাঠে রয়েছে এর প্রভাব। এছাড়াও সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররাও জয়-পরাজয়ে বড় ফ্যাক্টর হয়ে উঠবেন।
স্থানীয় রাজনীতিক, ভোটার এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, আওয়ামী লীগের সমর্থক ও সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট যেদিকে বেশি যাবে, শেষ পর্যন্ত জয় তারই হবে। তবে এই দুই শ্রেণির ভোটারদের বেশির ভাগই মনোভাব প্রকাশ করছেন না। সামান্য ব্যবধানও ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। মাঠের হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লার সঙ্গে হাড্ডা-হাড্ডি লড়াই হবে চরমোনাই পীরের প্রার্থী কেওড়াবুনিয়া দরবার শরীফের পীর মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহর।
বরগুনা-০১ আসনে ১৯৯১সালে (সাধারন নির্বাচন) আওয়ামী লীগের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, ১৯৯৬ সালে (সাধারন নির্বাচন) বিএনপি'র আব্দুর রহমান খোকন, ১৯৯৬ সালে (সাধারন নির্বাচন) আওয়ামী লীগের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, ২০০১ সালে (সাধারন নির্বাচন) স্বতন্ত্র প্রার্থী দেলওয়ার হোসেন, ২০০৮ ও ২০১৪ এবং ২০১৮ সালের (সাধারন নির্বাচন) আওয়ামী লীগের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বিজয়ী হয়েছেন। এবং ২০২৪ (সাধারন নির্বাচন) স্বতন্ত্র প্রার্থী গোলাম সরওয়ার টুকু বিজয়ী হয়। এবারের নির্বাচনে এই আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের সকলের বাড়ি বরগুনা সদরে। মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা এবং জোটবিহীন চরমোনাই পীরের হাতপাখা প্রতীকের প্রার্থী কেওড়াবুনিয়া দরবার শরীফের পীর মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ। এর মধ্যে ১০ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন (দেয়াল ঘড়ি) এবং জাতীয় পার্টি (জেপি) প্রার্থী জামাল হোসাইন (সাইকেল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের প্রচার-প্রচারণা ও জনসমর্থন তুলনামূলকভাবে কম বলে ভোটাররা মনে করছেন।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৪৫১ জন। এর মধ্যে পায়রা নদীর পূর্ব পাড়ের আমতলী ও তালতলী উপজেলার ভোটার সংখ্যা ২ লাখ ৭১ হাজার ৮৬৮ জন, যা বরগুনা সদর উপজেলার তুলনায় ২৪ হাজারের বেশি। ফলে এই দুই উপজেলার ভোটই নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভোটারদের কাছে টানতে বেশ কৌশলী বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লা। তিনি নারী ও তরুণ ভোটারদের কাছে টানতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্ত্রী লুবনা ইসলাম ও ছেলে উচ্ছ্বাস মোল্লাকে মাঠে নামিয়েছেন। স্ত্রী এবং ছেলে জয় নিশ্চিত করতে গ্রামে গ্রামে ছুটছেন। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা বলেন, 'বরগুনা -১ আসনের মানুষ পরিবর্তন চায় । ধানের শীষের পক্ষে একটা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন , কর্মসংস্থান ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।'
ইসলামী আন্দোলনের মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বলেন , 'ভোটাররা এখন সৎ ও যোগ্য নেতৃত্ব চান। আমরা দলীয় ভোটের পাশাপাশি সব সম্প্রদায়ের ভোটারের সমর্থন চাই। আমি এমপি হলে সবাইকে নিয়ে একসাথে কাজ করব।'
এসআর