চাঁদপুরে বিকাশের এজেন্টদের টাকা সরবরাহ না করে আত্মসাতের চেষ্টার ঘটনায় এক এসআর-সহ (সেলস রিপ্রেজেন্টেটিভ) দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান অভিযুক্তের বাড়ির মাটি খুঁড়ে ৯ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—বিকাশ লিমিটেডের ডিস্ট্রিবিউটর মেসার্স দিবা এন্টারপ্রাইজের এসআর মো. রাব্বি (২২) এবং তার সহযোগী ফরহাদ হোসেন (২১)।
পুলিশ জানায়, গত ৫ ফেব্রুয়ারি সকালে মো. রাব্বি চাঁদপুর পৌরসভার ‘ওয়ান মিনিট’ সংলগ্ন ঢাকা ব্যাংক শাখা থেকে অফিসের সুপারভাইজারের মাধ্যমে ৯ লাখ টাকা উত্তোলন করেন। নিয়ম অনুযায়ী, ওই টাকা চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার বিকাশ এজেন্টদের মধ্যে বিতরণের কথা ছিল। কিন্তু ব্যাংক থেকে টাকা নিয়ে বের হওয়ার পর রাব্বি হঠাৎ নিখোঁজ হন এবং পরে অফিসে ফোন করে ‘অপহরণের নাটক’ সাজান।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তদন্তে নেমে পুলিশ রাব্বিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অপহরণ ও হামলার ঘটনাটি সাজানো বলে স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যানুযায়ী, বসতঘরের মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় পুরো ৯ লাখ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর সদর মডেল থানার এসআই কালাম গাজীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করে। এ ঘটনায় সহযোগী হিসেবে জড়িত থাকায় ফরহাদ হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, অভিযুক্তরা দায়িত্বে থাকা সত্ত্বেও বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের চেষ্টা করেছিল। উদ্ধারকৃত টাকা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের পর উভয়কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
এনআই