ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পটুয়াখালী–২ (বাউফল) আসনে মোট ভোট পড়েছে ৫৮ দশমিক ১৯ শতাংশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়। সকাল থেকে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্র জানায়, পটুয়াখালী–২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ২৮২ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৭৭৯ জন, পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৫০১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত বাউফল উপজেলায় মোট ভোটকেন্দ্র ১১৫টি।
এই আসনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হচ্ছে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার এবং জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের মধ্যে।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মালেক আনোয়ারী এবং গণঅধিকার পরিষদের প্রার্থী হাবিবুর রহমানও ভোটের মাঠে সক্রিয় ছিলেন।
ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের তৎপরতায় কোথাও বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। নারী ও প্রবীণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
ভোটগ্রহণ শেষে প্রার্থীদের সমর্থকেরা ফলাফলের অপেক্ষায় রয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ জানান, ভোট গণনা ও ফল ঘোষণা পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সব মিলিয়ে পটুয়াখালী–২ (বাউফল) আসনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে মনে করছেন ভোটাররা।
ইখা