ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মুন্সীগঞ্জ-৩ (নির্বাচনী এলাকা নং–১৭৩) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামান রতন বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে গজারিয়া ও মুন্সিগঞ্জ সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা পৃথকভাবে ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতন পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন পেয়েছেন ৮৮ হাজার ৯৩৬ ভোট। প্রাপ্ত ভোটের ব্যবধানে তিনি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন।
মুন্সীগঞ্জ-৩ আসনটি গজারিয়া ও মুন্সিগঞ্জ সদর উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ১৬৯টি ভোটকেন্দ্র এবং একটি পোস্টাল ব্যালট কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
উল্লেখ্য, কামরুজ্জামান রতন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ফুটবল প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন।
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে মুন্সীগঞ্জ-৩ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।
এসআর