ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দুটি সংসদীয় আসনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। একটিতে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং অন্যটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম ৯৯ হাজার ৯৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার দাঁড়িপাল্লা প্রতীকে ৭৫ হাজার ২২৫ ভোট পেয়েছেন। এ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আব্দুল আজিজ হাতপাখা প্রতীকে ৬ হাজার ৩৫২ ভোট, স্বতন্ত্র প্রার্থী এস এম সাজ্জাদ হোসেন ফুটবল প্রতীকে ৮৯৮ ভোট, বিএম নাগিব হোসেন কলস প্রতীকে ১ হাজার ১১৩ ভোট, মো. উজ্জল মোল্যা হরিণ প্রতীকে ২৩০ ভোট, সুকেশ সাহা আনন্দ ঘোড়া প্রতীকে ৮৬৪ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী মো. মিল্টন মোল্যা লাঙ্গল প্রতীকে ৪৬১ ভোট পেয়েছেন।
নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আতাউর রহমান বাচ্চু বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম কলস প্রতীকে ৭৮ হাজার ৪৫৭ ভোট পেয়েছেন। এ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ ৪৫ হাজার ৪৬৩ ভোট, জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ লাঙ্গল প্রতীকে ৬৮৮ ভোট, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম হাতপাখা প্রতীকে ৪ হাজার ৭২৯ ভোট, গণঅধিকার পরিষদের (জিওপি) মনোনীত প্রার্থী লায়ন নূর ইসলাম ট্রাক প্রতীকে ৩৩৯ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. শোয়েব আলী ছড়ি প্রতীকে ২২০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মোছা. ফরিদা ইয়াসমিন জাহাজ প্রতীকে ২১৯ ভোট পেয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম ভোট গণনা শেষে বেসরকারিভাবে নড়াইল-১ আসনে বিশ্বাস জাহাঙ্গীর আলম ও নড়াইল-২ আসনে আতাউর রহমান বাচ্চুর নাম ঘোষণা করেন। এ জেলার দুটি আসনের বিভিন্ন কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরামহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এনআই