ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে এমপি নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী।
দীর্ঘ প্রায় ৩৫ বছর পর ইয়াসের খান চৌধুরী বাবা আনোয়ারুল হোসেন খান চৌধুরীর আসন ফিরে পেলেন। ১৯৯১ সালে বাবা এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে এমপি হয়েছিলেন।
ধানের শীষ প্রতীকে ইয়াসের খান চৌধুরী পেয়েছেন ৮৫ হাজার ৪৭৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত বিডিপির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান পেয়েছেন ৭০ হাজার ১৫২ ভোট।
জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, স্বাধীনতার সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর একান্ত সচিব ছিলেন সাবেক এমপি আনোয়রুল । এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের নির্বাচিত সদস্যও ছিলেন তিনি।
তাঁর ছেলে ইয়াসের খান চৌধুরী একজন তথ্যপ্রযুক্তি বিজ্ঞানী। দীর্ঘদিন ধরে বিবিসি টেলিভিশন নেটওয়ার্ক লন্ডনের তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্ব পালন করেছেন। একপর্যায়ে দেশে ফিরে এলাকার রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। তাঁর বাবা ছাড়াও চাচা খুররম খান চৌধুরী ছিলেন চারবারের সংসদ সদস্য।
আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির মনোনয়নপ্রত্যাশী অনেকের মধ্যে নিজেকে দলের কাছে গ্রহণযোগ্য করে তোলেন ইয়াসের খান। মনোনয়ন পেয়েই ছয়জন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ভোটের মাঠে ভোটারদের মধ্যে প্রচারণা শুরু করেন তিনি।
নবনির্বাচিত সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী বলেন, বাবার স্বপ্ন ছিল আমি যেন উন্নত ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য কিছু করতে পারি। কাছ থেকে বাবার মানবিকতার রাজনীতি দেখেছি। দেখেছি সাধারণ মানুষের জন্য তিনি কিভাবে নিজেকে বিলিয়ে দিতেন। বাবার রেখে যাওয়া এই কর্মকাণ্ডকে এখন আমি বাস্তবায়ন করতে চাই।
পিএম